গ্রামের মেঠোপথ থেকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে কামরুজ্জামান হেলাল

জীবননগরের মিনাজপুর থেকে মিশিগান—তিন দশকের সাংবাদিকতা, ব্যাংকিং পেশা ও সাংগঠনিক কর্মকাণ্ডে গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রত্যন্ত গ্রাম মিনাজপুর। সেই গ্রামের মেঠোপথ পেরিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য—দীর্ঘ এই পথচলায় নিজের মেধা, শ্রম ও নিষ্ঠায় স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন সাংবাদিক কামরুজ্জামান হেলাল। স্থানীয় সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন গণমাধ্যমের সঙ্গে। বর্তমানে বাংলাদেশের একাধিক গণমাধ্যমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে প্রবাসী বাংলাদেশিদের নানা কর্মকাণ্ড তুলে ধরছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ব্যাংকিং পেশা ও প্রবাসী সাংবাদিকদের সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ।

আজ ৩০ নভেম্বর তাঁর জন্মদিন। এ উপলক্ষে স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহলে তাঁকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

কামরুজ্জামান হেলাল জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মরহুম মুক্তার হোসেন ও মরহুমা হালিমা খাতুনের ছয় সন্তানের মধ্যে সবার ছোট। গ্রামের পরিবেশেই তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের সূচনা। তিনি জীবননগর থানা পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক এবং জীবননগর ডিগ্রি কলেজ থেকে ১৯৯৮ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তী সময়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং ২০০৪ সালে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি কৈশোর থেকেই গণমাধ্যমের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। ১৯৯৫ সালে ‘পল্লী বার্তা’ পত্রিকার জীবননগর থানা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। স্থানীয় পর্যায়ের সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে শুরু হওয়া সেই পথচলা ধীরে ধীরে বিস্তৃত হয় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে।

২০০৪ সালে এসটিভি ইউএসের ঢাকা অফিসে যোগদানের মধ্য দিয়ে টেলিভিশন গণমাধ্যমে কাজের সুযোগ তৈরি হয় তাঁর। পরবর্তী সময়ে ২০০৫ সালে বৈশাখী টেলিভিশন এবং ২০০৬ সালে আরটিভির বিজ্ঞাপন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় টেলিভিশনের বিজ্ঞাপন ব্যবস্থাপনার পাশাপাশি নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সংবাদমাধ্যমের বিভিন্ন শাখায় কাজের অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতা ও কর্মপরিধিকে আরও বিস্তৃত করে।

২০০৮ সালে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কামরুজ্জামান হেলাল। বর্তমানে মিশিগান অঙ্গরাজ্যের অ্যান আরবার শহরে বসবাস করছেন। প্রবাসজীবনে নতুন পরিবেশ ও বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখেন। বর্তমানে বাংলাদেশের আরটিভি, আইটিভি ইউএস, দৈনিক আমাদের সময়, বাংলা দৈনিক ও অনুপম নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ পরিবেশন করছেন তিনি। এর মাধ্যমে প্রবাসের নানা ঘটনা ও অর্জনের সঙ্গে বাংলাদেশের পাঠক-দর্শকদের সংযোগ স্থাপনে ভূমিকা রাখছেন।

সাংবাদিকতার বাইরেও তাঁর পেশাগত জীবনে রয়েছে ভিন্নমাত্রা। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি। একই সঙ্গে প্রবাসী সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিও পেয়েছেন বিভিন্ন পর্যায় থেকে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মিশিগান অঙ্গরাজ্যের সিনেট ও গভর্নরের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন তিনি। ২০২১–২০২২ সালে APIA Vote Michigan-এর মিডিয়া অ্যাওয়ার্ড এবং ২০২৩ সালে মৃধা ফাউন্ডেশনের বিশেষ মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া সিটি অব হ্যামট্রামিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা লাভ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কামরুজ্জামান হেলাল বলেন, “মিডিয়ার প্রতি ভালোবাসা থেকেই এত বছর ধরে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন এই পেশায় থাকলেও এখনো শিখছি। শেখার কোনো শেষ নেই।” ভবিষ্যতেও বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও ভালো কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

মিনাজপুরের সাধারণ পারিবারিক পরিবেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে কাজ করার এই দীর্ঘ যাত্রা কামরুজ্জামান হেলালের অধ্যবসায়, পেশার প্রতি ভালোবাসা ও অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিকতার একটি উদাহরণ। প্রবাসে দীর্ঘদিন বসবাস করলেও নিজের জন্মভূমি মিনাজপুর ও জীবননগরের সঙ্গে তাঁর সম্পর্ক ও ভালোবাসা অটুট রয়েছে।

জন্মদিনে সাংবাদিক কামরুজ্জামান হেলালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তাঁর স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও জীবননগরের সাংবাদিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *