আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ সাড়ে আট বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শাহরিয়ার রাসেল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ সাইদুর রহমান শাহেদকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে বখতিয়ার মাহমুদকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মেহেদী হাসানকে।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার জন্ম দেন নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ। বুধবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বখতিয়ার মাহমুদ দাবি করেন, তাকে যে পদ দেওয়া হয়েছে তা তার রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ত্যাগের তুলনায় সম্মানজনক নয়। এ কারণে তিনি পদটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ৬ জুন সমেনুজ্জামান সমেনকে সভাপতি এবং মুশফিকুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। তাদের নেতৃত্বে সংগঠনটি জেলার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এবং জেলা ছাত্রদলকে একটি শক্ত সাংগঠনিক ভিতের ওপর দাঁড় করাতে সক্ষম হয়।