জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।এ সময় অপর এক অভিযানে ২৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। শুক্রবার(১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে জীবননগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,পলাতক আসামিদের গ্রেফতার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রাম থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজেদুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের শহিদুল মুন্সির ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই রাতে উপজেলার বাঁকা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মন্টু মিয়ার ছেলে ইসরাফুল হককে (২১) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
সোলায়মান সেখ বলেন,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকালে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালত-এ পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতায় এলাকায় অপরাধ প্রবণতা কিছুটা কমেছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।