আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ ২২টি স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় এক্সেভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল ঘটনাস্থলেই নিলামে বিক্রি করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সওজ খুলনা বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, “মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”