জীবননগরের রাজাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার

জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদকদ্রব্য সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের বাশারের আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
হাবিলদার মো. ইমরুল হোসেন মল্লিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ৪৪ বোতল মদ এবং ২৭২ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সিরাপ। উদ্ধার হওয়া সিরাপগুলোর মধ্যে ছিল Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup এবং Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup। এসব সিরাপ সাধারণত অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহার হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সীমান্তপথে মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *