জীবননগরে স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ ঘাতক স্ত্রী গ্রেফতার

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাকা মাঝপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার পাকা মাঝপাড়া গ্রামের বাসিন্দা বিশারত আলী মণ্ডলের ছেলে রাজন হোসেন (২৮) মালয়েশিয়া প্রবাসী। প্রায় দুই সপ্তাহ আগে তিনি দেশে ফেরেন। ঘটনাটি বৃহস্পতিবার(৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে স্বামী রাজন হোসেনের নিজ বাড়িতে ঘটেছে।
আহত রাজন হোসেনের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, তারশারীরিক অবস্থা গুরুতর।অভিযুক্ত স্ত্রী ফারিয়া খাতুন (২১) পুলিশের কাছে দেয়া প্রাথমিক বক্তব্যে দাবি করেছেন, ঘটনার রাতে তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন এবং স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে আপত্তি জানিয়েছিলেন। একপর্যায়ে খাটের পাশে থাকা একটি ব্লেড দিয়ে আঘাত করলে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, রাজনের বড় ভাই হুমায়ুন কবির অভিযোগ করেন, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের অল্প কিছুদিন পর রাজন মালয়েশিয়ায় চলে যান। তার দাবি,স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। ফারিয়া খাতুন সব সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতো। আমাদের বিশ্বাস সে পরকীয়ায় আসক্ত
হয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই এহেন জঘন্য অপরাধ করেছে। হুমায়ুন কবির এ ঘটনায় বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম বলেন,অভিযুক্ত গৃহবধু পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্বামীর সাথে এমন আচরন করেছে। গৃহবধু ফারিয়া খাতুন আগে থেকে স্বামী-সংসার করবে না বলে আপত্তি করে আসছিল। কিন্তু উভয়পক্ষের অভিভাবকদের কারণে তাদের দাম্পত্য জীবন অব্যাহত ছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আতিয়ার রহমান বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ফারিয়া খাতুনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন,ঘটনার প্রকৃত কারণ ও পেছনের পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *