চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ৪ জুন স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে জেলায় নানা আলোচনা চলছিল। গত ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে শরীফুজ্জামান শরীফের প্রশাসক হিসেবে নিয়োগের খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। পরে ৪ জুন সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলে নিয়োগসংক্রান্ত সব জল্পনার অবসান ঘটে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা, সহ-সভাপতি সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকেই জেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে বক্তব্য দেন এবং জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৪ জুন স্থানীয় সরকার বিভাগ দেশের তিনটি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান শরীফুজ্জামান শরীফ। স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রমকে আরও কার্যকর ও উন্নয়নমুখী করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টদের আশা, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *