বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিসেস লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার রোধ, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণ, অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহের
অগ্রগতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা, মানব পাচার এবং চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান আরও বেগবান করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনা কমিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি চালক, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ, সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় মানব পাচার ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আন্তঃসমন্বয়ের মাধ্যমে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনিষ্পন্ন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ দমনে তথ্যভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহার বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা জোরদার করা এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত বক্তারা জেলার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।