ঝিনাইদহে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯জুন) সকালে উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন।

উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম গড়ে তুলতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জি.এ. মিল্টন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীন।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *