দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্য নিয়োগ

দামুড়হুদা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, রোগীর স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবনিযুক্ত আনসার সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের রোগী, স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেবার মান উন্নয়নে আনসার সদস্যদের দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। উপজেলা প্রশাসন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মহিবুল্লাহ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু হাসান, এমটিপিআই (পিপিআই) ফারুক হোসেনসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং নবনিযুক্ত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাসপাতালের নিরাপত্তা জোরদার, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সেবাগ্রহীতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *