জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় পানীয় ‘স্ক্যাপ’ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নেশাজাতীয় পানীয় পাচারের তথ্যের ভিত্তিতে জীবননগর থানার একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে এসআই মো. সেকেন্দার আবু জাফর, এসআই পবিত্র কুমার, এসআই শাহিন আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ২৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় পানীয় ‘স্ক্যাপ’ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আলেক মণ্ডলের স্ত্রী খাদিজা বেগম (৫০)।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ‘স্ক্যাপ’ চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় পানীয় ‘স্ক্যাপ’ উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধে জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।