৪২ কেজি গাঁজাসহ জীবননগর উথলীর সোয়েব ও কুমিল্লার মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিরিবিল বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক যুবক ও কুমিল্লার তিতাস উপজেলার অপর এক যুবককে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ (২০) এবং কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুম হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা সোয়েব শেখ ও মাসুম হোসেনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত কিনা, তাদের সঙ্গে আর কারা সম্পৃক্ত রয়েছে এবং এই মাদকের উৎস ও গন্তব্য কোথায় ছিল—এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক পাচার, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *