জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাক্ষাতকালে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, উপজেলার উন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গঠনমূলক মতামত এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, “আমি জীবননগরে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার মানুষের কল্যাণে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করতে চাই। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সহজ হবে। সবাইকে সঙ্গে নিয়ে জীবননগরকে একটি উন্নত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
এ সময় জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।
এছাড়া প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম মতিয়ার রহমান,আহাম্মদ সগীর,আজিজুর রহমান,ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার,আব্দুল হাকিম,রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়সহ অন্যান্য সাংবাদিক।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকরা নবনিযুক্ত ইউএনওর সফল কর্মজীবন কামনা করেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জীবননগরের সার্বিক উন্নয়নে এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে একই দিন সকালে প্রেসক্লাবের অপর একটি গ্রুপের সদস্যদের সাথে নবাগত ইউএনও সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের এই গ্রুপের নেতৃত্বে ছিলেন, এম আর বাবু ও নুর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।