নিজস্ব প্রতিবেদক:
পাবনার ফরিদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৪৯ বোতল নেশাজাতীয় এসকাফ কফ সিরাপসহ চুয়াডাঙ্গার জীবননগরের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
পাবনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর থানা পুলিশ গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০) তল্লাশি করে ৫৪৯ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মিরাজুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ফার্মগেটপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক মিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার উথলী ও সেনেরহুদা এলাকার কয়েকজন চিহ্নিত মাদককারবারি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত একটি মাদক চক্র পরিচালনা করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। অভিযোগ রয়েছে, তারা স্থানীয় যুবকদের ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদকের চালান পৌঁছে দিলেও নিজেরা আড়ালে অবস্থান করছেন।
এর আগে, সম্প্রতি একই উপজেলার উথলী গ্রামের সোয়েব শেখ নামে এক যুবক ঢাকার আশুলিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ আটক হন। ধারাবাহিক এসব ঘটনায় সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও সিন্ডিকেটের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে উল্লিখিত সিন্ডিকেটের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।