মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, থানায় মামলা

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর থানার পুলিশ জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সন্দেহজনক আচরণ করলে তাকে আটক করে তল্লাশি করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হাতে থাকা গোলাপি রঙের কাপড়ের একটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে এর ভেতর থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মো. মহিদুল মল্লিক (৩৭) মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মহেশপুর থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. টিপু সুলতানের ওপর।
মহেশপুর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *