শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):-
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেয়ারডাইল (FAIRDYL) সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার মোটরসাইকেল জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলি গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দীন একাডেমির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শান্ত রহমান (২০)। তিনি মহেশপুর উপজেলার যাদবপুর (বাজারপাড়া) গ্রামের মশিউর রহমানের ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. বাবু। তার বাড়ি উপজেলার সামন্তা গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবা পুলিশ ক্যাম্প ও মহেশপুর থানা যৌথভাবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে এসআই রেজাউল সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রুলি গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দীন একাডেমির সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে একজন পালিয়ে যায়। পরে আটক শান্ত রহমানের হেফাজতে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ FAIRDYL Syrup উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। বোতলের গায়ে Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup, FAIRDYL, India লেখা রয়েছে। জব্দকৃত ৫৫০ বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের দুটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে মহেশপুর থানায় নিয়ে আসা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।