ঝিনাইদহে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান শুক্রবার ঝিনাইদহের ফুড সাফারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের মহাসচিব ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। তারা বলেন, বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্কুল প্রধানদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *