চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদর সার্কেলের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। অনুষ্ঠানে তিনি বিদায়ী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা, সাহসিকতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মোস্তাফিজুর রহমান গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি
জেলার সদর সার্কেল এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার ও জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রায় ১০ মাসের দায়িত্বকালে তিনি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। তাঁর দায়িত্ব পালনের সময় জেলা পুলিশের সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
সম্প্রতি মোঃ মোস্তাফিজুর রহমানকে জেলা পুলিশ, নড়াইলে বদলিজনিত পদায়ন করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের আগে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বিদায়ী কর্মকর্তার হাতে স্মৃতিস্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় বিদায়ী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা জেলা পুলিশের সঙ্গে দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে জেলা পুলিশের সহকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের আন্তরিকতা তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থলে সফলতা কামনা এবং তাঁর সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।