নিজ উদ্যোগে ভাঙা কালভার্ট ও রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক মাজেদুর ইসলাম মাজু, টানা বৃষ্টিতে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে রাতেই নতুন কালভার্ট স্থাপন

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট ভেঙে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ত। এতে সড়কটি ধীরে ধীরে ভেঙে জরাজীর্ণ অবস্থায় পৌঁছে এবং মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি টানা বৃষ্টিতে কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়লে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছায়।

এমন পরিস্থিতিতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সমাজসেবক মাজেদুর ইসলাম মাজু। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে ভাঙা কালভার্ট অপসারণ করে গভীর রাতে নতুন কালভার্ট স্থাপন করেন। পাশাপাশি পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন খনন এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজও সম্পন্ন করেন।

সোমবার (২৭ জুলাই) তিনি নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে সেটিকে পুনরায় জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলেন। শুধু এই কাজই নয়, বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার মসজিদসংলগ্ন সড়কসহ বিভিন্ন এলাকার সড়ক ও কালভার্ট সংস্কারে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে আসছেন তিনি।

সমাজসেবক মাজেদুর ইসলাম মাজু বলেন, “এলাকার মানুষের কষ্ট দেখে আমি চুপ করে থাকতে পারিনি। নিজের সামর্থ্য অনুযায়ী ভাঙা কালভার্ট, ড্রেন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের উপকারে আসতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সাধ্য অনুযায়ী কাজ করে যাব।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভাঙা কালভার্ট ও জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগের শেষ ছিল না। নতুন কালভার্ট নির্মাণ, ড্রেন খনন এবং রাস্তা সংস্কারের ফলে পানি নিষ্কাশনের সমস্যা অনেকটাই দূর হয়েছে। এখন মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। তারা সমাজসেবক মাজেদুর ইসলাম মাজুর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *