শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী গোল্ডেন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২৮ বোতল ভারতীয় অবৈধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ স্ন্যাক্স হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
অভিযানের একপর্যায়ে ঢাকা অভিমুখী যাত্রীবাহী গোল্ডেন পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ১২৮ বোতল ভারতীয় অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৬০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের মো. আনসার কসাই ওরফে আশিক ইকবাল (৪০) এবং একই উপজেলার সামন্তা পটিপাড়া গ্রামের মো. হারুন অর রশিদ (২৮)।
পুলিশের দাবি, উদ্ধার করা সিরাপগুলো অবৈধভাবে পরিবহনের মাধ্যমে অন্যত্র নেওয়া হচ্ছিল। তবে মাদকগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বের একটি মামলার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে উদ্ধার করা মাদকের উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ, পরিবহন ও বেচাকেনা ঠেকাতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোল্ডেন পরিবহন বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।