প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক, গুরুত্ব পেল দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা সংকট

বিশেষ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও আলোচনায় উঠে আসে।

বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি শরণার্থীদের মানবিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তাঁর সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান কৌশলগত সংলাপ জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *