জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে উথলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে অ্যাডভোকেট নাজমুল হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে আরিফুল হক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফুল হকের প্রতিদ্বন্দ্বী ইউনুচ আলী পেয়েছেন ৫০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে আব্দুস সালাম জয়, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে মেহেদী হাসান লিপ্টন, কোষাধ্যক্ষ পদে ৬৫ ভোট পেয়ে সোহাগ হোসেন, বাজার ব্যবস্থাপনা সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে আনিছুর রহমান রনি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে শরীফ সালাউদ্দীন সবুজ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, রাজু আহম্মদ, মেহেরব হোসেন ও শ্রী স্বপন দাস।
নির্বাচনে নাজমুল-আরিফুল প্যানেল এবং জিল্লুর-ইউনুচ প্যানেলসহ দুটি প্যানেল থেকে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৩৮ জন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবে।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজমুল হুসাইন ও সাধারণ সম্পাদক আরিফুল হক বাজারের সকল ব্যবসায়ীকে ভোট প্রদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বাজারের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।