জীবননগর কাশিপুর মাঠে দুর্বৃত্তদের তাণ্ডব: দুই কৃষকের  জমির পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড়

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই কৃষকের প্রায় ১০ কাঠা জমির ফলন্ত পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের বাজারপাড়া মাঠে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময় এ নাশকতার ঘটনা ঘটে। রোববার সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান ভুক্তভোগী কৃষকরা।

ক্ষতিগ্রস্তরা হলেন কাশীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফেরদৌস (৫৫) ও শাহিন আলম ওরফে ফকির বিশ্বাস (৪২)।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে দুই ভাই যৌথভাবে নিজেদের জমিতে পেঁপে ও মরিচের আবাদ করেন। পরিচর্যার ফলে গাছগুলোতে ভালো ফলন আসে এবং কয়েক দিনের মধ্যেই বাজারজাত করার প্রস্তুতি চলছিল। কিন্তু শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ৫ কাঠা জমির পেঁপে গাছ এবং আরও ৫ কাঠা জমির মরিচ গাছ গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়।

রোববার সকালে স্থানীয় লোকজন জমির পাশ দিয়ে যাওয়ার সময় গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে দুই কৃষককে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।

ক্ষতিগ্রস্ত কৃষক ফেরদৌস ও শাহিন আলম বলেন,“সকালে জমিতে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ কাঠা জমির পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। গাছগুলোতে ফল চলে এসেছিল। এতে আমাদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *