জীবননগরে পুলিশের অভিযানে ৪৮ বোতল ইসকাপ উদ্ধার, পালিয়ে গেল দুই মাদক কারবারি

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল অবৈধ ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে সোমবার (৩ আগস্ট) মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) শোভন দাশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি চারটি মোটরসাইকেলে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে জীবননগর থানার কালা গাংপাড়া মাঠ এলাকা থেকে পেয়ারাতলা বাজারের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১টার দিকে কালা গাংপাড়া গ্রামের বিপুলের বাড়ির সামনে সড়কে পুলিশ অবস্থান নেয়।
এ সময় চারটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তিনটি মোটরসাইকেলের আরোহীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে একটি পালসার মোটরসাইকেলে থাকা দুই আরোহীকেও থামার সংকেত দেওয়া হলে তারা মোটরসাইকেলটি সড়কে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ পরিত্যক্ত পালসার মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের ভেতরে রাখা ৪৮ বোতল ইসকাপ সিরাপ উদ্ধার করে। উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *