মনু নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

অলিউর রমান,বড়লেখা (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া ও তার ছেলেকে নিজ বাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মো. মাসুম মিয়াকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে পূর্বে জব্দকৃত বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিধি মোতাবেক দ্রুততম সময়ে জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *