গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ টহল ও নজরদারি কার্যক্রম শুরু হয়েছে।

জেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, আদালত এলাকা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিজিবির মোতায়েন অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রশাসন সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *