ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগ মুহূর্তে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের পরের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও স্টেশনে ঢোকার আগে হঠাৎ বিকট শব্দের পর ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিনটি বগি রেললাইন থেকে ছিটকে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন সচল করতে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হতে পারে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছেন।