স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
জীবননগর অফিস :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৮ নম্বর কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ময়েনউদ্দিন ময়েন এবং সাবেক সীমান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সভায় কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনোয়ার হোসেন মাস্টার সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় কেডিকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও সাংগঠনিকভাবে নেতাকর্মীদের আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কেডিকে ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সভায় স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় কেডিকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।