দর্শনায় ছাগল চুরির সময় যুবক আটক, আদালতে ১ বছরের কারাদণ্ড

দর্শনা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বসতবাড়িতে ছাগল চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন মোঃ ইকতিয়ার হোসেন (২০) নামে এক যুবক। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে খবর পান, দর্শনা থানাধীন হিজলগাড়ি স্কুলপাড়া গ্রামের মোঃ হালিম (৪৪), পিতা—মোঃ রহিদুল ইসলামের বসতবাড়িতে ছাগল চুরির সময় স্থানীয়রা একজনকে আটক করে রেখেছেন।
খবর পেয়ে এসআই মোঃ জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে আটক ব্যক্তিকে হেফাজতে নেন। আটক যুবকের নাম মোঃ ইকতিয়ার হোসেন (২০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গোলকনগর উত্তরপাড়া গ্রামের মোঃ লিয়াকত বিশ্বাসের ছেলে।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ইকতিয়ার হোসেনকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এর আদালতে উপস্থাপন করা হয়।
আদালত বিষয়টি বিচার করে আসামি মোঃ ইকতিয়ার হোসেনকে ১ (এক) বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দর্শনা থানা এলাকায় এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *