চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি অভিবাদন মঞ্চে উপস্থিত হয়ে প্যারেডের সালামি গ্রহণ করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ ও সার্বিক টার্নআউট পর্যবেক্ষণ করেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা। তাঁর নেতৃত্বে নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে প্যারেড পরিচালিত হয়।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও টার্নআউটের ওপর গুরুত্বারোপ করেন। ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের মধ্য থেকে যোগ্যদের জিএস (গুড সার্ভিসেস) মার্ক প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচিত পুলিশ সদস্যদের উৎসাহিত করতে অর্থ পুরস্কারও দেওয়া হয়।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। তিনি জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) এবং রেঞ্জ ডিআইজি, খুলনা কর্তৃক প্রদত্ত বিভিন্ন নির্দেশনা পুলিশ সদস্যদের সামনে তুলে ধরেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা এবং পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাপ্তাহিক এ মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়মিতভাবে মূল্যায়নের পাশাপাশি তাদের মধ্যে পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।