জীবননগর অফিস:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মৎস্য পোনা অবমুক্তকরণ,বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদন নিশ্চিত করা,জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। সভাপতিত্ব করেন জীবননগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জুয়েল শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন,উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার,

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।