জীবননগর অফিস :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি গ্যাস লাইটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) উপজেলার বারাদী ইউনিয়নের গোপালনগর মাটপরি এলাকার একটি পানের বরজের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল আহম্মেদ (২৪) এবং গোপালনগর গ্রামের মো. নুর হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ৪ নম্বর বারাদী ইউনিয়নের গোপালনগর মাটপরি এলাকার পানের বরজের ভেতর থেকে রাসেল আহম্মেদ ও তানভীর আহম্মেদকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি গ্যাস লাইট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।