মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—পাতিবিলা পুকুরপাড়া এলাকার মো. নুর কুদ্দুসের ছেলে মো. মাসুম বিল্লাল (শান্ত), ৩৫ এবং মহেশপুর পৌরসভার জমিদারপাড়া এলাকার মো. মনসুর আলীর ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবিব, ৩২।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বুধবার মহেশপুর পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা চলছে। খবরের ভিত্তিতে এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের কাছ থেকে ৬০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া মাদক পরিবহন ও যোগাযোগের কাজে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তবে উদ্ধারকৃত মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।