আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, অনুমোদনহীন রং ব্যবহার এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাজার ও চরমুরারীদহ এবং শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভাটই বাজারের মিষ্টির দোকান ও হোটেলগুলোতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় লিমন হোটেলকে ১০ হাজার টাকা এবং আল ফুরকান সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার চরমুরারীদহ এলাকায় অবস্থিত মগের মুল্লুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
এছাড়া ঝিনাইদহ সদরের আরাপপুর বাজারে ডিমের পাইকারি দোকান ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা ও শৈলকুপা উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল।
ভোক্তা-স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।