চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিনারুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে সদর থানাধীন নতুন ভান্ডারদহ গ্রামের সুমনের মুদিখানা দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) নওশাদ মাহফুজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নতুন ভান্ডারদহ (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জিনারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জিনারুল ইসলাম নতুন ভান্ডারদহ (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবা বিক্রি ও হেফাজতে রাখার সঙ্গে আরও একজন সহযোগী এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২৪, তারিখ ২৮ আগস্ট ২০২৬; জিআর নম্বর ২৬২, তারিখ ২৮ আগস্ট ২০২৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।