মো:শাহজামাল:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উথলী সূর্য তোরণ ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উথলী মাধ্যমিক বিদ্যালয় ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ। ক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমিত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহসানুল হক, ইউনুচ আলী, হাজী রবিউল হোসেন, আব্দুল মান্নান পিল্টু ও মোশাররফ হোসেন তেলা।
এ ছাড়া অনুষ্ঠানে উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সূর্য তোরণ ক্লাবের সহ-সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহকারী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমদ সগীর, সদস্য মোশারেফ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ধরে রাখার পাশাপাশি উচ্চশিক্ষার পথে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সূর্য তোরণ ক্লাবের নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং স্থানীয় সুধীজনেরাও উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে উপস্থিত সবাই তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন।