ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার

ময়মনসিংহ অফিস:
স্বাস্থ্যসেবার গুরুত্ব,প্রয়োজনীয়তা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় পুনর্বাসনসেবার ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশিদ।
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটির সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদ।
সেমিনারে বক্তব্য দেন কলেজের চেয়ারম্যান ডা. শামীম আহমেদ, ডা. মুবাশ্বিরা রায়দা, ডা. আশিক আহমেদসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পুনর্বাসনসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ অন্যান্য পুনর্বাসনসেবা স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনবল তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অন্যান্য পুনর্বাসনসেবার প্রয়োজনীয়তা, কার্যকারিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনার শেষে প্রধান অতিথিসহ অতিথিরা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি মোহাম্মদ হারুন অর রশিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *