অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশের প্রতিটি উন্মুক্ত জলাশয় ও পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার বিকল্প নেই। মানুষের আমিষের চাহিদা পূরণে সরকার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ জেলার সব নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘মাছে-ভাতে বাঙালি’ প্রবাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।