রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে মাহমুদ হাসান খান বাবুর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে মাহমুদ হাসান খান বাবুর সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাহমুদ হাসান খান বাবু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও মাহমুদ হাসান খান বাবু পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা দেশের সমসাময়িক পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, শিল্প-বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু সময় মতবিনিময় করেন বলে জানা গেছে।
মাহমুদ হাসান খান বাবু বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। শিল্প খাতেও তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ‘রাইজিং গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক।
এ ছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খুলনা বিভাগের প্রথম ব্যক্তি হিসেবে তিনি বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্টরা জানান।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান মাহমুদ হাসান খান বাবু দীর্ঘদিন ধরে শিল্প ও ব্যবসা খাতের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় রয়েছেন। স্থানীয় পর্যায়ে তিনি চুয়াডাঙ্গার শিল্প, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনের দুই বিশিষ্ট ব্যক্তির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *