জীবননগর সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে লোকমোর্চার মতবিনিময় সভা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন,জনবান্ধব করা এবং স্থানীয় জনগণের দোরগোড়ায় আরও কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকে ওয়েভ ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘লোকমোর্চা’ টেকসইকরণ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে কমিউনিটি ক্লিনিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মোঃ আব্দুল মান্নান পিল্টু, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ওয়েভ ফাউন্ডেশন উথলী ইউনিটের ইউনিট ম্যানেজার মোসাঃ হোসনেআরা এবং সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছাঃ শেফালি খাতুন।
সভায় আরও বক্তব্য দেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সদস্য ও উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ অমিত খাঁন, উথলী ইউনিয়ন লোকমোর্চার সহ-সভাপতি ও সাবেক উথলী ইউপি সংরক্ষিত মহিলা সদস্য জয়নব বেগম, সদস্য মোঃ আব্দুল খালেক, উথলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সাইদুর রহমান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
মতবিনিময় সভায় সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের বর্তমান সেবার চিত্র, বিদ্যমান সমস্যা, সেবাগ্রহীতাদের প্রত্যাশা এবং ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষভাবে জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং তদারকি ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়গুলো উঠে আসে।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিক প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বল্প সময়ে ও সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসব প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় জনবল, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং নিয়মিত তদারকি জোরদার করা প্রয়োজন।
প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ বলেন, “বর্তমান সময়ে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে কার্যক্রম পরিচালনায় কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সম্মিলিত উদ্যোগে সমাধান করা গেলে কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হতে পারে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করা সম্ভব। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও জনবান্ধব করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানো, স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং ক্লিনিকের কার্যক্রমে জবাবদিহিতা ও তদারকি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রয়োজনীয় জনবল, ওষুধ, অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা গেলে সেনেরহুদা কমিউনিটি ক্লিনিক উথলী ইউনিয়নের গ্রামীণ জনগণের জন্য আরও কার্যকর ও নির্ভরযোগ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
সভাটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল আলীম সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *