ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে তা’লীমুদ্দীন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও কুরআন শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জীবননগর পৌর এলাকার সুবলপুর সড়কসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মীয় শিক্ষার প্রসার, পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন তা’লীমুদ্দীন মাদ্রাসার পরিচালক মাওলানা সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামীয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হরিহরনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মুজাফ্ফর, নুর-এ জান্নাত মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম এবং সুবলপুর আয়ুব আলী মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবর।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবনচর্চার ওপর গুরুত্ব দিতে হবে। পবিত্র কুরআন শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় অনুশাসন, সততা ও ন্যায়বোধ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, কুরআন শিক্ষার মানোন্নয়ন এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পাঠদানে মনোযোগ এবং বাড়িতে ধর্মীয় শিক্ষার অনুশীলন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সমাবেশে উপস্থিত অভিভাবক ও অতিথিরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের মানসম্মত ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক জোরদার করার পাশাপাশি কুরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।