তদন্তে অভিযোগের সত্যতা না মেলায় উপজেলা বিএনপির সিদ্ধান্ত
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে উত্থাপিত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে স্বপদে পুনর্বহাল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন (খোকন) ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী স্বাক্ষরিত এক দলীয় সিদ্ধান্তপত্রে এ তথ্য জানানো হয়।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন—৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মো. খাদেমুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাসার।
দলীয় সিদ্ধান্তপত্রে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার পরিবহনকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন ধরনের আলোচনা, অভিযোগ ও অপপ্রচার ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত করেন এবং সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেন।
তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই তিন নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দলীয় সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত হিসেবে বিবেচনা করে সব ধরনের দায় ও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
দলীয় সিদ্ধান্তে আরও বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী মহলের ভুল বোঝাবুঝি ও অপপ্রচারের কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে জীবননগর থানায় লিখিত অঙ্গিকারনামার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
উপজেলা বিএনপির সিদ্ধান্তে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সার্বিক সাংগঠনিক স্বার্থ বিবেচনা করে তিন নেতাকে তাদের পূর্বের দায়িত্বশীল পদে পুনর্বহাল করা হলো। একই সঙ্গে তারা যাতে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টিও সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, পুনর্বহাল হওয়া নেতাদের প্রতি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে উপজেলা বিএনপি।
দলীয় সিদ্ধান্তপত্রে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
উপজেলা বিএনপির এ সিদ্ধান্তের ফলে বাঁকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে এবং স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।