বিশেষ প্রতিনিধি:
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দলের তৃণমূল সংগঠনকে শক্তিশালী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা গেলে আগামী নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনেই জাতীয় পার্টির বিজয় সম্ভব। এ জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে সংগঠনকে পুনর্গঠন করে সাধারণ মানুষের কাছে যেতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার নগর ভবনে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে গ্যাস, তেল, সার ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে সংকট রয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের বিভিন্ন বিষয় মানুষ স্মরণ করছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “নেতাকর্মীদের মধ্যে বিভেদ রেখে কোনো রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে পারে না। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে আগামী দিনে সুনামগঞ্জের পাঁচটি আসনেই জাতীয় পার্টির বিজয় করা সম্ভব হবে।”
দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং মোকাবিলায় ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এরপরও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে মানুষের ভোগান্তি বাড়ছে।
জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, শুধু সভা-সমাবেশ করলেই রাজনৈতিক সংগঠন শক্তিশালী হয় না। কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও দাবিগুলো জানতে হবে। মানুষের পাশে থেকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ করার মাধ্যমে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।
ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইস মোহাম্মদ কাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন, আরিফুর রহমান খান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন এবং সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন মো. আব্দুল্লাহ, উপজেলা জাতীয় পার্টির নেতা হাজী মাহমুদ আলী, মনির উদ্দিন, সেলিম উদ্দিন, ফয়জুল হক, দিলবর আলী, অলী আহমদ সায়েদ, ছমির উদ্দিন, আবুল মিয়া, আবুল হাসনাত, রাসেল মিয়া, খসরু মিয়া, হারিছ মিয়া, কাপ্তান মিয়া, হারিছ আলী, মনির মিয়া ও শামীম মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় ছাতক উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলীয় বিভেদ ভুলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত,সক্রিয় ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।