ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নামে পোস্টার, এলাকায় চাঞ্চল্য কাঞ্চননগরের কয়েকটি স্থানে পোস্টার, তদন্তে পুলিশ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার নাম ও পদ উল্লেখ করে পোস্টার সাঁটানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের কয়েকটি স্থানে কে বা কারা এসব পোস্টার সাঁটিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম শফিকুর ইসলাম অপুর বাড়ির পশ্চিম পাশে, দিশারী প্রি-ক্যাডেট স্কুলের দেয়ালে এবং কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের সীমানাপ্রাচীরে পোস্টারগুলো সাঁটানো হয়।

পোস্টারে লেখা রয়েছে, ‘অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবৈধ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ এতে প্রচারকারী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মো. মোরসালিন উজ্জামান সাব্বিরের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে স্কুলের সীমানাপ্রাচীরে পোস্টারগুলো দেখতে পান তারা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, পোস্টার সাঁটানোর ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মো. মোরসালিন উজ্জামান সাব্বির জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “ভোররাতে কে বা কারা পোস্টারটি সাঁটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।”পুলিশ জানিয়েছে, পোস্টার সাঁটানোর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *