ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মোড়ে মোল্লা ব্রিকসের সামনে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিয়াননগর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে মো. অনিম আহমেদ (২৫) ও মৃত খোদা বক্সের ছেলে মো. সুরাব হোসেনকে (৫৫) আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।