জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা। পরে তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার তিনজন হলেন—চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর খাঁ পাড়ার (পৌর ওয়ার্ড-৫) মো. দেলোয়ার হোসেন (২৪), পিতা মোড় ছমির উদ্দিন। তার কাছ থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দ্বিতীয়জন হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ উত্তরপাড়ার (পৌর ওয়ার্ড-৪) মো. জাহিদ হাসান (১৯), পিতা মো. আরজ আলী। তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তৃতীয়জন হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খায়েরহুদা পূর্বপাড়ার মো. ইয়ামিন (২২), পিতা মো. বাহার আলী। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে মাদকসহ তাদের আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সোপর্দ করা হয়।
আদালতের আদেশ অনুযায়ী, মো. দেলোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, মো. জাহিদ হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. ইয়ামিনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।