৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শন করলেন বিসিএস কর্মকর্তারা

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের ৯ জন মনোনীত প্রশিক্ষণার্থী কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শন করেছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সামনে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস,ঐতিহ্য,মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান, দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ জেলার সামগ্রিক পরিচিতি তুলে ধরা হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো,বিভিন্ন স্থাপনা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন,জনসেবামূলক কার্যক্রম এবং পেশাগত বিভিন্ন অর্জন নিয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রেজেন্টেশনে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং,অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের

বিভিন্ন কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের দৈনন্দিন কার্যক্রম, জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়েও প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জনবান্ধব, পেশাদার ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, মাঠ সমীক্ষার এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের নবীন কর্মকর্তারা মাঠ প্রশাসনের বাস্তব কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং জনসেবা প্রদানের বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

তাঁদের মতে,আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, প্রশাসন ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শনের মধ্য দিয়ে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বাস্তব ও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *