ঝিনাইদহে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার কলামনখালী বাজার ও দোগাছি পূর্বপাড়া এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে কলামনখালী বাজারের বিভিন্ন মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে দোগাছি পূর্বপাড়া এলাকার বিভিন্ন দধি ও মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তদারকিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনহীন রং ব্যবহার, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে বাসি মিষ্টি একসঙ্গে সংরক্ষণের মতো অনিয়ম ধরা পড়ে।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খোকন স্টোরকে ৩ হাজার টাকা, লিলটন মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং রাবু মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ১৭ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *