ঝিনাইদহে দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, অভিযুক্ত বড় ভাই পলাতক

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুমন মন্ডলের কোদালের আঘাত ও মারধরে ছোট ভাই সোহান মন্ডল (২৬) নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহান মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমন মন্ডল ও সোহান মন্ডলের স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে সোহানের সঙ্গে বড় ভাই সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা একটি কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে আঘাত করেন। এ সময় তাঁকে মারধরও করা হয় বলে জানা গেছে।

সোহানের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সুমন পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সুমন মন্ডলকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *