ঝিনাইদহ প্রতিনিধি-
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঝিনাইদহ শাখার আয়োজনে সদর থানা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মসজিদে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও হেফজখানার সহস্রাধিক হিফজ বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, পবিত্র কুরআনের হাফেজদের মানোন্নয়ন, শুদ্ধ তিলাওয়াতের চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হিফজ প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অভিজ্ঞ ক্বারি ও হাফেজগণ বিচারকের দায়িত্ব পালন করেন। তাঁরা প্রতিযোগীদের তিলাওয়াতের মান, তাজবিদ, সুর এবং হিফজের শুদ্ধতা যাচাই করে মূল্যায়ন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ট্রফি ও আকর্ষণীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফুল আলম, হাফেজ মোহাম্মদ উল্লাহ, হাফেজ মাওলানা সাকেরসহ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ঝিনাইদহ শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে সুনাগরিক ও যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মেধার বিকাশ এবং কুরআন হিফজের প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।